মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে গ্রামীণ সড়কের পাশ থেকে সরকারি ৩টি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার সকালে হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্প সড়কের পাশ থেকে গাছগুলো কেটে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়িদিয়া গ্রামের মৃত গনি বেপারীর পুত্র সেন্টু বেপারীর বিরুদ্ধে সড়কের পাশে সরকারি খাস জমিতে থাকা ৩টি বড় করই ও চাম্বল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, কেটে নেওয়া এই গাছ তিনটির বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকারও বেশি। সরকারি গাছ নিয়মমাফিক টেন্ডার (দরপত্র) ছাড়া এবং সাবেক কর্মকর্তার ‘মৌখিক অনুমতি’র দোহাই দিয়ে এভাবে কাটা ও বিক্রি করা কতটুকু আইনসম্মত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
এভাবে প্রকাশ্য দিবালোকে কেটে বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আশ্রয়নে বসবাস কারিরা জানান বিশাল এই কড়ই গাছটি আমাদের ছায়া দিতো রোদের তাপমাত্রা কম লাগতো গাছগুলো কাটার পর প্রচন্ড গরমে এখন ঘরে থাকতে কষ্ট হচ্ছে।
এ দিকে গাছের ক্রেতা স্থানীয় কাঠ ব্যবসায়ী দুলাল মাঝি জানান, তিনি সেন্টু বেপারীর কাছ থেকে মাত্র ১৭ হাজার ৫০০ টাকায় গাছ ৩টি কিনেছেন। তিনি বলেন, গাছগুলো যে সরকারি রাস্তার, তা আমার জানা ছিল না। সেন্টু বেপারী নিজের দাবি করায় আমি টাকা দিয়ে কিনে কেটে নিচ্ছিলাম।
গাছ বিক্রির বিষয়ে অভিযুক্ত সেন্টু বেপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, গাছগুলো কাটার জন্য আমি সাবেক ইউএনও-র কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলাম। অনুমতি পেয়েই আমি গাছগুলো বিক্রি করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, এসিল্যান্ডকে পাঠানো হয়েছে। গাছ জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#
মতামত