মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বর্ষাপ্লাবিত প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার সাতটি জলাশয়ে প্রায় ২৫৯ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্ত করা জলাশয়গুলোর মধ্যে রয়েছে—আটিগাঁও প্লাবনভূমিতে ২৮ দশমিক ৪০ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি, ঘোলতলী ব্রিজের নিচের খালে ৫০ কেজি, কারপাশা প্লাবনভূমিতে ৫০ কেজি, গোয়ালীমান্দ্রা খালে ২০ কেজি, শিমুলিয়া-ভাঙ্গা খালে ৩০ কেজি এবং কাজির পাগলা গ্রামের চিতাখোলা সংলগ্ন সরকারি হাসপাতাল পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, মুন্সীগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা হাসানউদদৌলাসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের পোনা অবমুক্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত