মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২১টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা নদী বিধৌত চরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বাছুর বিতরণ করা হয়। বকনা বাছুর বিতরণ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কালী শংকর পাল। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল ও জেলা বিএনপির সদস্য ওমর ফারুক অবাক। আলোচনা শেষে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ বকনা বাছুর ও পশুখাদ্য তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির আহমেদ অভি প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, বকনা বাছুর পাওয়া প্রত্যেক উপকারভোগীকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একটি বকনা বাছুরের জন্য ৫০ কেজি করে খাদ্য বিতরণ করা হয়েছে।
মতামত