মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের আহ্বায়ক কমিটির সভাপতি মো. আবদুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা মুনীর মোরশেদ।

চলতি বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে এবং দশম শ্রেণির ছয়জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু, প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ কনক, উপদেষ্টা শামসুল আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মো. ফরহাদুজ্জামান, কার্যকরী সদস্য শাহ কামাল ঢালী, সমিতির আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মো. শাহিন টিটু (এসএসসি ব্যাচ-১৯৮১), এইচ এম রেজাউল করিম তুহিন (এসএসসি ব্যাচ-১৯৮২), গাজী কামাল (এসএসসি ব্যাচ-১৯৮৬), বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন শিকদার এবং হাওলাদার আবদুর রাজ্জাক তনয় রায়হান জামিল দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি সরকারি হরগঙ্গা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ হাওলাদার আবদুর রাজ্জাক। তিনি ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬২ সালে এসএসসি পাস করেন। পরে ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৩ সালে অধ্যক্ষ হিসেবে অবসর নেন তিনি।
পরবর্তী সময়ে ২০১৬ সালে নিজের অর্জিত ২০ লাখ টাকা দিয়ে তাঁর নামে কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন হাওলাদার আবদুর রাজ্জাক। ট্রাস্টে জমা করা অর্থের লভ্যাংশ দিয়ে প্রতিবছর তাঁর নিজ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। ২০২৪ সালের ১৩ জুলাই হাওলাদার আবদুর রাজ্জাক মারা যান।
মতামত