মা ইলিশ সংরক্ষণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে আনুমানিক ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় জালের সঙ্গে আনুমানিক ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর নেতৃত্বে পদ্মা নদীর লৌহজং অংশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মালিকবিহীন অবৈধ কারেন্ট জাল জব্দ করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান কার্যক্রম চলমান থাকবে।
নদীতে অবৈধ জাল ব্যবহার ও মা ইলিশ নিধন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতামত