মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের সবুজায়নে উদ্বুদ্ধ করতে এবা গ্রুপ, ডাচ্ ডেইরি এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত ৭ জুলাই শুরু হওয়া এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হিসেবে গতকাল (১১ জুলাই) শনিবার সকালে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে। এ সময় প্রায় ৪ হাজার শিক্ষার্থীর হাতে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা ও টিফিন বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন এবা গ্রুপ ও ডাচ ডেইরির ব্যবস্থাপনা পরিচালক এবং খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের চেয়ারম্যান জিল্লুর রহমান রিপন মৃধা।
তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এ.এম. নাসির উদ্দিন, গ্রামনগর বার্তার বার্তা সম্পাদক কাজী আরিফ, জসিম মোল্লা পল্টু প্রমুখ।
আয়োজকরা জানান, গত চার বছরে লৌহজং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১২ হাজারেরও বেশি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে এবং এই সবুজায়ন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#
মতামত