মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার বিচার এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে গজারিয়া থানা ফটকের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গজারিয়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তি, কর্মসূচি বাস্তবায়ন কমিটি কেন্দ্রীয় সদস্য ও এনসিপি গজারিয়া উপজেলা শাখার সংগঠক সেলিম মিয়া, শাহীন খন্দকার, ইউসুফ প্রধান, মুন্সীগঞ্জ জেলা সংগঠক মাহাবুব আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রামিসাসহ দেশে সংঘটিত সকল ধর্ষণ ও হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তারা বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে একজন মা তার সন্তানকে নিরাপদে স্কুলে পাঠাতে পারবেন এবং নারীরা ভয়ভীতি ছাড়াই চলাফেরা করতে পারবেন। বক্তারা আরও বলেন, ধর্ষক ও খুনিদের কোনো রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় থাকতে পারে না তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
মতামত