মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাঁঠালতলী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কাঁঠালতলী মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঢালীপাড়া একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আশরাফুল একাদশ।
কাঁঠালতলী দক্ষিণপাড়া যুব সমাজের আয়োজনে ৪০ মিনিটের এ খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ও পাল্টাপাল্টি আক্রমণভিত্তিক ফুটবল খেলে দর্শকদের মুগ্ধ করেন। তাঁদের নৈপুণ্যপূর্ণ খেলা উপভোগ করেন সহস্রাধিক দর্শক।
সমাজসেবক আমির হোসেনের সভাপতিত্বে খেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সাইফুল আলম ভূঁইয়া অপু।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আসলাম কবির, জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর শেখ, সাধারণ সম্পাদক বাবুল শেখ, শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে বিজয়ী আশরাফুল একাদশের হাতে ৪৩ ইঞ্চি টেলিভিশন এবং রানার্সআপ ঢালীপাড়া একাদশের হাতে ৩২ ইঞ্চি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
মতামত