মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ওসমান হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, জালিয়াতি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দা কোলা ইউনিয়ন বিএনপির সভাপত, জেলা প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) এবং সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর দেওয়া অভিযোগপত্রে ওসমান হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও পরিবারের জমি নিয়ে বিরোধ সৃষ্টি, জাল কাগজপত্রের মাধ্যমে জমি আত্মসাতের চেষ্টা এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির অভিযোগ করা হয়। একই সঙ্গে কোলা ইউনিয়ন পরিষদের জায়গা দখলের চেষ্টারও অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় কয়েকটি পরিবার আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় কোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণের পক্ষ থেকে কোলা ইউনিয়ন বিএনপির সভাপতির কাছেও লিখিত আবেদন দেওয়া হয়েছে। আবেদনে ওসমান হাওলাদারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগকারীরা আরও বলেন, অভিযোগগুলো সত্য হলে একজন রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতার এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অভিযোগের কোনো অংশ অসত্য হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি স্পষ্ট করারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত ওসমান হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সব মিথ্যা ও বানোয়াট। এগুলোর কোন প্রমাণ নাই।
কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, অভিযোগ প্রমানিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মতামত