মুন্সীগঞ্জের সিরাজদীখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা গ্রামের বটতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাজারের পাশে একটি চায়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি মুদি দোকানে। আগুনের তীব্রতায় দুটি মুদি দোকান ও একটি চায়ের দোকানে থাকা সব মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে সিরাজদীখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলোর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ভোরবেলায় আগুন লাগায় মালামাল সরানোর কোনো সুযোগ পাননি তারা। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের পানি গরম করার কেটলির চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
মতামত