মুন্সীগঞ্জের সিরাজদীখানে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ বালু ভরাটের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর ও গয়াতলা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।
জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু চক্র লতব্দী ইউনিয়নের চরকমলাপুর ও গয়াতলা গ্রামে অবৈধভাবে ড্রেজার ও পাইপ বসিয়ে বালু ভরাট করে আসছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘটনাস্থলে বালু ভরাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় ড্রেজারের মাধ্যমে বালু সরবরাহে ব্যবহৃত পাইপ কেটে বিনষ্ট করা হয় এবং বালু ভরাটের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ জানান, অবৈধভাবে নদী, খাল বা কৃষিজমি থেকে বালু উত্তোলন ও ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্য করে বালু ভরাটের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত