মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় কার্তিক মাসের শেষ দিক থেকে আলু রোপণ শুরু হয়েছে। আলু রোপণ ও উত্তোলনের সময় উপজেলার ১৪টি ইউনিয়নে তৈরি হয় ব্যাপক কর্মযজ্ঞ। আলু মৌসুমকে ঘিরে বিভিন্ন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ভোরে বসে অস্থায়ী শ্রম বিক্রির হাট। প্রতিদিন সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই আধাঘণ্টার হাটে দরকষাকষির মাধ্যমে মানুষের শ্রম বিক্রি হয়।
গতকাল শুক্রবার কেয়াইন ইউনিয়নের নিমতলা শ্রমহাটে দেখা যায়, ভোরের আলো ফুটতেই শত শত শ্রমিক কাজের আশায় জমে উঠেছেন। কেউ কাজ পাচ্ছেন, কেউ আবার অপেক্ষায় দিন কাটাচ্ছেন। এই হাটে কেউ ৭ দিনের জন্য, কেউ এক মাসের জন্য আবার কেউ দীর্ঘ সময়ের জন্য শ্রম বিক্রি করেন।
আলু জমি প্রস্তুত, রোপণ, পরিচর্যা, উত্তোলন এবং হিমাগারে সংরক্ষণ—সব ধাপেই শ্রমিকের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। জীবিকার তাগিদে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা ছুটে আসেন উপজেলার বিভিন্ন এলাকায়।
গাইবান্ধার সাদুল্লাপুর থেকে আসা শ্রমিক শাজাহান মিয়া (৩০) বলেন, বর্তমানে আমাদের এলাকায় কোনো কাজ নেই। তাই আমরা ১০ জন এখানে এসেছি। এক আলুচাষী এক মাসের জন্য নেবেন এবং দৈনিক ৬০০ টাকা মজুরি দেবেন বলেছেন।
সুনামগঞ্জের তাহেরপুর থেকে আসা শ্রমিক জাহাঙ্গীর বোপরী (৫৫) বলেন, আমি কয়েক বছর ধরে এই সময় সিরাজদীখানে আসি। এবার আমরা ৮ জন এসেছি। ৪ জন কাজ পেয়েছি, বাকিরা এখনও অপেক্ষায়।
স্থানীয় শ্রমিকের অভাব পূরণে এসব উত্তরবঙ্গের শ্রমিককে কাজে লাগাচ্ছেন চাষীরা। আলুচাষী আওলাদ হোসেন বলেন, আগের মতো এখন আর আমাদের এলাকায় শ্রমিক পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে উত্তরবঙ্গের ১০ জন শ্রমিক নিয়েছি।
ইছাপুরা গ্রামের আলুচাষী কোরবান মিয়া জানান, প্রতিজন শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ থেকে ৬০০ টাকা। ইছাপুরা চৌরাস্তা থেকে ৬ জন শ্রমিক নিয়েছি, প্রতিজনকে ৫০০ টাকা করে মজুরি দিয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র জানান, উপজেলার বিভিন্ন হাটে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক আসেন। গত বছর সিরাজদীখানে ৯ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু রোপণ হয়েছিল।
মতামত