মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা বাজার সংলগ্ন খালে বাজারের ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে বিকল্প স্থান নির্ধারণ করে দিয়েছে প্রশাসন।
গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাজার এলাকা পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী। এ সময় তিনি বলেন, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও, বিশেষ করে খালে ময়লা-আবর্জনা ফেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে খালে ময়লা ফেলার প্রমাণ পাওয়া গেলে জরিমানা আরোপ করা হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে পাশ্ববর্তী সিকদার মার্কেট সংলগ্ন ফাঁকা জায়গায় গভীর গর্ত করে ময়লা-আবর্জনা ফেলার উপযোগী করে তোলার জন্য কেয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রোজারিওকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. লিয়ার হোসেন, সার্ভেয়ার সজল খন্দকার, নিমতলা বাজার কমিটির সভাপতি মো. মহাসিন, ইজারাদারসহ সংশ্লিষ্টরা ।
মতামত