মুন্সীগঞ্জের সিরাজদীখানে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকার মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বয়রাগাদী বড় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে নাইশিং স্পোর্টিং ক্লাব ও বাড়ৈইপাড়ার অনিক স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলায় নাইশিং স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় অনিক স্পোর্টিং ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী মো. নোমান বেপারী। বয়রাগাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. জাহিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চাকলাদার, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হাওলাদার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের ফুটবল আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
মতামত