মুন্সীগঞ্জের সিরাজদীখানে পারিবারিক বিরোধের জেরে আপন চাচাকে গুলি করে হত্যার ঘটনায় প্রবাসী বাংলাদেশি ও মার্কিন নাগরিক গ্যানেট রোজারিওকে (৫৪) ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
নিউইয়র্কের একটি আদালতে দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন। নিহত মাইকেল রোজারিও ও দণ্ডপ্রাপ্ত গ্যানেট রোজারিও—উভয়ই মার্কিন নাগরিক।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার বাসিন্দা গ্যানেট রোজারিও বাংলাদেশে তার চাচা মাইকেল রোজারিওকে হত্যার দায় স্বীকার করেছেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে পারিবারিক বসতভিটা নিয়ে চাচা মাইকেল রোজারিওর সঙ্গে ভাতিজা গ্যানেটের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২১ সালে তারা উভয়েই বাংলাদেশে এসে ওই বাড়িতে অবস্থান করছিলেন।
২০২১ সালের ১১ জুন রাত ১২টার দিকে চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যানেট রোজারিও চিৎকার করে বলেন, “তুই কাল আর সূর্য দেখবি না”। পরে তিনি জানালার বাইরে থেকে শটগান দিয়ে চাচাকে লক্ষ্য করে গুলি করেন। পেটে ও তলপেটে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মাইকেল রোজারিও।
একই ঘটনায় গত বছরের ১০ মার্চ মুন্সীগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান গ্যানেট রোজারিওকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। তবে গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হয়ে গ্যানেট রোজারিও কৌশলে দেশত্যাগ করেন এবং ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, বিদেশে সংঘটিত অপরাধে মার্কিন নাগরিকের সংশ্লিষ্টতা থাকায় মামলাটির তদন্তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস কাজ করেছে। তদন্তে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের লিগ্যাল অ্যাটাশে এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো সহযোগিতা করেছে।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশন মামলার বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে। বাংলাদেশে হত্যা মামলার বিচার এড়াতে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সাজা ভোগ করতে হচ্ছে গ্যানেট রোজারিওকে।
মতামত