মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সরকারি লিজ ও পৈতৃক সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা, বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুরে
ভুক্তভোগী মো. জমসেদ আলী সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর বক্তবলি মৌজার আরএস ১ নম্বর খতিয়ানের ১৯৬ নম্বর দাগের ১৯ শতাংশ জমি সরকারি লিজ ও পৈতৃক সূত্রে মালিকানা পেয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন জমসেদ আলী। ওই জমি নিয়ে বিরোধের জেরে ওসমান গণী, কুলসুম বেগম, মরিয়ম বেগম, তাললিমা বেগম ও ফয়সাল দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন।
অভিযোগে আরও বলা হয়, জমিটি নিয়ে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা চলমান থাকায় সেখানে কোনো ধরনের কাজ না করার নির্দেশনা রয়েছে। এর মধ্যেই গত রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে অভিযুক্তরা দলবল নিয়ে বসতবাড়ির জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করেন এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন। এ সময় জমসেদ আলী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মো. জমসেদ আলী বলেন,জমিটি নিয়ে বিরোধের কারণে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ আশঙ্কায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে অভিযুক্ত ওসমান গণীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত