মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামে অননুমোদিত ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদীর শাখা ভরাট ও দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গিয়াস উদ্দিনের ছেলে আবুল হোসেন ও আলী হোসেনের ছেলে মোবারক হোসেনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে নদীটির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে এই কাজ চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চর পানিয়া গ্রামে নদীর ওপর ড্রেজার বসিয়ে পাইপের মাধ্যমে সরাসরি পানিতে বালু ফেলা হচ্ছে। নদীটি স্থানীয় কৃষিকাজ ও পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর জায়গা সংকুচিত হয়ে আসায় বর্ষাকালে কৃষিজমিতে পানির সংকট হচ্ছে এবং শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি মিলছে না। এতে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন।
এলাকাবাসীর আশঙ্কা, ড্রেজিং ও ভরাট এভাবে চলতে থাকলে বর্ষায় তীব্র জলাবদ্ধতা, নদীভাঙনের গতিপথ পরিবর্তন এবং পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়বে। এছাড়া জমি দখলকে কেন্দ্র করে যেকোনো সময় স্থানীয়ভাবে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা। অবিলম্বে সরেজমিন তদন্তের মাধ্যমে সীমানা নির্ধারণ এবং অবৈধ বালু ভরাট বন্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বিষয়টির সত্যতা যাচাই ও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতামত