আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজী নির্বাচনী সভা ও মিছিল করেছেন।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদারপাড়া ঈদগাহ মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি মিছিল বের করা হয়, যা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
সভায় মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বেড়াজালে আবদ্ধ। এই অবস্থা থেকে মুক্তি পেতে নৈতিকতা ও সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। সেই নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি।
নির্বাচনে বিজয়ী হলে মুন্সীগঞ্জ-১ আসনে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস সংযোগ নিশ্চিতকরণ, প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সৃষ্টি ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মজলিসে শূরা সদস্য এ.বি.এম ফজলুল করীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আব্দুস সালাম, জেলা সেক্রেটারি মো. মজিবুর রহমান, সিরাজদীখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি মো. ওয়াশিম মিয়া, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর টি. এম. বেলাল হুসাইন এবং সেক্রেটারি মো. নুরুজ্জামানসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতামত