মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি।
এ সময় নদীগর্ভে বিলীন হওয়া একটি বসতঘরের খোঁজখবর নেন সংসদ সদস্য। পাশাপাশি ভাঙনঝুঁকিতে থাকা অন্তত ১৫টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
ঘটনাস্থল পরিদর্শনকালে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ সরাসরি ভিডিও কলের মাধ্যমে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে কথা বলেন। তিনি মন্ত্রীকে নদীভাঙনের ভয়াবহ পরিস্থিতি ঘুরিয়ে দেখান এবং দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
পরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের উদ্দেশে এমপি আব্দুল্লাহ বলেন, ‘আপনাদের সামনেই আমি পানি সম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আশা করি আপনারা নিরাশ হবেন না। খবর পাওয়ার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে পাঠিয়েছিলাম এবং বিস্তারিত শুনে আজ নিজেই ছুটে এসেছি। আপনারা দুশ্চিন্তা করবেন না, আমি ও সরকার আপনাদের পাশে আছি।
প্রশাসনকে এরই মধ্যে নির্দেশ দিয়েছি, ইনশাআল্লাহ দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
নদীভাঙনের অন্যতম কারণ হিসেবে অবৈধভাবে ড্রেজিং ও মাটি কাটাকে দায়ী করে সংসদ সদস্য আরও বলেন, অবৈধ মাটি কাটা চিরতরে বন্ধ করতে প্রশাসনকে কঠোর হওয়ার পাশাপাশি সাংবাদিক ও স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর হঠাৎ নদীর পাড় ভাঙতে শুরু করলে মুহূর্তের মধ্যেই গফুর শেখের বসতঘরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আসবাবপত্র ও মালামাল সরিয়ে নেওয়ারও কোনো সুযোগ পায়নি পরিবারটি। তবে আজ সংসদ সদস্যকে সরাসরি কাছে পেয়ে এবং তাঁর আশ্বাসে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সর্বস্বান্ত গফুর শেখসহ ভাঙন আতঙ্কে থাকা স্থানীয়রা।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ, সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতামত