মুন্সীগঞ্জের সিরাজদীখানে নতুন নির্মিত একটি আরসিসি সড়ক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
গতকাল সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের ওসমান হারুনের বাড়ি থেকে লতব্দী দক্ষিণপাড়া জামে মসজিদ পর্যন্ত ১২০ মিটার দীর্ঘ নবনির্মিত সড়কটি পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার জানান, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর কোটা বরাদ্দ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। ওসমান হারুনের বাড়ি থেকে লতব্দী দক্ষিণপাড়া জামে মসজিদ পর্যন্ত ১২০ মিটার দীর্ঘ সড়কটি আরসিসিকরণে মোট ৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন সড়ক নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচল দুর্ভোগের অবসান হয়েছে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়েছে।
এ বিষয়ে ইউএনও রুম্পা ঘোষ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রা আরও সহজ ও উন্নত হবে।
মতামত