মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও জনবহুল স্থানে স্থাপন করা হাত ধোয়ার বেসিনগুলো রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণ থেকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে হাত ধোয়ায় উৎসাহিত করতে এসব বেসিন স্থাপন করা হয়েছিল। তবে বর্তমানে অধিকাংশ বেসিনই অকেজো অবস্থায় রয়েছে।
গতকাল রবিবার সরেজমিনে উপজেলা পরিষদ চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা গেছে, প্রতিটি বেসিনই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে উপজেলা পরিষদের দুটি বেসিনে কল নেই, পানির সংযোগ বিচ্ছিন্ন এবং তার ওপরে জমে আছে আবর্জনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বেসিনেও একই অবস্থা,দুটি কল বিকল, পানি নেই, জমে আছে ময়লা। উপজেলার আরও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদে স্থাপিত অনেক বেসিন খুলে ফেলা হয়েছে, আবার অনেকগুলো পড়ে আছে নষ্ট হয়ে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় তিনটি স্থানে বড় আকারের (৬ ফুট দৈর্ঘ্য ও আড়াই ফুট প্রস্থ) বেসিন স্থাপন করা হয়েছিল। প্রতিটিতে দুটি করে কল, টাইলসযুক্ত মেঝে ও দেয়াল এবং পানি নিষ্কাশনের জন্য নালায় পাইপ সংযোগ দেওয়া হয়। প্রতিটি বেসিন নির্মাণে ব্যয় হয় ৩০ হাজার টাকা। এসব স্থাপনা নির্মিত হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে।
এছাড়া উপজেলা ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, সাবরেজিস্ট্রি অফিস ও ইউনিয়ন পরিষদে নিজ নিজ দপ্তরের উদ্যোগেও বেসিন স্থাপন করা হয়। তবে কোথাও স্থায়ী পানি সংযোগ দেওয়া হয়নি। অস্থায়ী সংযোগে পানি সরবরাহ শুরু হলেও কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। ফলে বেসিনগুলো অচল হয়ে পড়ে। অনেক বেসিনে কল নেই, কোথাও জমে আছে ময়লা, আবার কিছু জায়গায় পাশেই মলমূত্র ত্যাগ করা হচ্ছে,যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
উপজেলা পরিষদে সেবা নিতে আসা সুরুজ আহমেদ বলেন, করোনার সময় বেসিনে সবসময় পানি ও সাবান থাকত। তখন হাত ধোয়ার অভ্যাস গড়ে উঠেছিল। এখন বেসিন আছে, কিন্তু পানি নেই,তাই আর কেউ ব্যবহার করে না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আয়েশা আক্তার বলেন, আগে কলগুলো ভালোভাবে চলত। এখন অনেক দিন ধরেই পানি নেই। হাসপাতালে এসেও হাত-মুখ ধোয়ার সুযোগ হয় না। দ্রুত এগুলো সচল করা দরকার।
ভূমি অফিসে জমির কাগজপত্র নিয়ে আসা আবদুল জলিল বলেন, ভূমি অফিসে এক-দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়। বেসিন থাকলেও পানি নেই। মাঝে মাঝে বাইরে থেকে পানি কিনে আনতে হয়।
উপজেলা নির্বাচন অফিসের সেবা নিতে আসা ইকবাল হোসেন বলেন, হাত ধোয়ার জন্য একটা বেসিন দেখা গেলেও পানির ব্যবস্থা নেই। এখন শুধু কাঠামোটা আছে। এত টাকা খরচ করে বসিয়ে রাখা আর না রাখার মধ্যে পার্থক্য থাকছে না।
উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান বলেন, করোনা মহামারির সময় বেসিনগুলো সচল ছিল। এখনো কিছু বেসিন সচল রয়েছে। যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো দ্রুত সংস্কার করে সচল করে দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, করোনাভাইরাস মহামারির সময় মানুষ স্বাস্থ্যবিধি মানতে সচেতন ছিল। এখন অনেকেই আর মানতে চান না, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা বেসিনটি সচলই থাকে। রোগী ও স্বজনদের জন্য এটি সারাবছর উন্মুক্ত থাকে। তবে মাঝেমধ্যে কিছু অসাধু ব্যক্তি কল ভেঙে ফেলেন, পাইপ খুলে নেন, সাবানের পাত্র সরিয়ে ফেলেন। এতে সাময়িক অসুবিধা হয়, তবে আমরা দ্রুত মেরামত করে সচল রাখার চেষ্টা করি। করোনার অভিজ্ঞতা থেকে আমাদের শেখা উচিত,হাত ধোয়ার অভ্যাস কেবল করোনা নয়, অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।#

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৫

মতামত