মুন্সীগঞ্জের সিরাজদীখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দিনগত রাতে উপজেলার সিরাজদীখান বাজার, হিরনের খিলগাঁও ও সন্তোষপাড়াসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দ গ্রামের মো. বশির বেপারী (৩৮) ও মোছা. সুমি আক্তার (৩০), বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের মো. মনির (২৭) এবং রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মো. সোহেল মোল্লা (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদারের সঙ্গে যুবদলের আহ্বায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার সকালে সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে শাহাদাত শিকদারের ভাতিজা আবু সাঈদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিফাতুল ইসলাম জনি গ্রুপের লোকজন শিকদার গ্রুপের লোকজনের ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত