মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে সিরাজদীখান থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার প্রবীণ মো. সোলেমান।
উপপরিদর্শক (এসআই) সিদ্দিক মিয়ার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সংসদ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, ইছাপুরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট। মাদক শুধু ব্যক্তির জীবনকে বিপন্ন করে না, এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। তাই মাদক সেবন ও ব্যবসার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তাঁরা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই বার্তা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদারের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
মতামত