সমাজ থেকে মাদক ও জুয়ার ভয়াবহতা দূর করার দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজার সড়কে এ মানববন্ধনের আয়োজন করে উলামা ফোরাম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মধুপুর পীর আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, সৈয়দপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি মাহবুবুর রহমান জিয়া, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, অঙ্গীকার সংগঠনের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত, জাসাসের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সানুসহ এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা।
বক্তারা বলেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ী ও জুয়া পরিচালনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সচেতন করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
মতামত