মুন্সীগঞ্জের সিরাজদীখানে শহীদ জিয়া স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে কুচিয়ামোড়া তরুণ সংঘের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ঢাকা ফ্রেন্ডস ক্লাব ৫-৪ গোলে টাইব্রেকে কে কে এন সি চিত্রকোট ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। কেয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. নাসিম খানের সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শামীম, জেলা বিএনপি সদস্য ও সাবেক ফুটবলার দুলাল দাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো দর্শক।
প্রধান অতিথি শেখ মো.আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য খেলা-ধুলার মাধ্যমে যুবসমাজকে উৎসাহিত করতে হবে। প্রতিটি এলাকায় বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা উচিত। আমাদের দেশনেত্রী বেগম খালেদার সুযোগ্য সন্তান মরহুম আরাফাত রহমান কোকোও খেলাধুলা প্রিয় মানুষ ছিলেন। তাই আমরা চাই, এ ধরনের খেলা আরও বেশি আয়োজন হোক।
খেলা শেষে বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মতামত