মুন্সীগঞ্জের সিরাজদীখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় এবং জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা সম্পর্কে অভিভাবকদের সচেতন করা হয়।
ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. মিঠুন বর্মন, স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম তালুকদার, বিদ্যালয়ের পিটিএ নির্বাহী কমিটির সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, সহকারী শিক্ষক দিপালী রানী দাস ও সহকারী শিক্ষক এসএম ওয়াসিম।
আলোচনায় বক্তারা বলেন, জরায়ুমুখ ক্যানসার একটি প্রাণঘাতী রোগ হলেও এটি প্রতিরোধযোগ্য। এ রোগের অন্যতম প্রধান কারণ এইচপিভি সংক্রমণ। কিশোরীদের সময়মতো এইচপিভি টিকা দেওয়া হলে ভবিষ্যতে জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব।
বক্তারা জানান, সরকারের নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় ১০ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হচ্ছে। কোনো কিশোরীর ১০ বছর পূর্ণ হলে এবং ১১ বছরে পা দেওয়ার আগে তাকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে এই টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাসহ বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। সন্তানদের স্বাস্থ্য সুরক্ষা ও সময়মতো টিকাদান নিশ্চিত করতে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
মতামত