মুন্সীগঞ্জের সিরাজদীখানে সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট ও ড্রেজিং করার দায়ে বালু জব্দ এবং ড্রেজিং পাইপ বিনষ্ট করেছে
ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কোলা ইউনিয়নর ছাতিয়ানতলি গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।
অভিযানকালে তিনি জানান, পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার তন্তুর ইউনিয়নের অনিক নামের এক ব্যক্তি এই অবৈধ বালু ভরাট ও ড্রেজিং কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
পরে খালে মজুতকৃত বালু কোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আলমগীর মোল্লার জিম্মায় বিধি মোতাবেক রাখা হয়। একই সঙ্গে ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ অপসারণ করে তা বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সরকারি খাল, জলাশয় ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ভরাট ও ড্রেজিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মতামত