হাইকোর্টের নির্দেশনা ও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি গাছ কাটার অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে উপজেলা প্রশাসন।
গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ইউএনও রুম্পা ঘোষের স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়। নোটিশে তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানা গেছে, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামের রাস্তার পাশের একটি বড় কড়ই গাছ কাটার ঘটনায় ইউপি সদস্য সাইফুল ইসলামকে কৈফিয়ত তলব করা হয়। এর আগে গত ১৯ এপ্রিল একই এলাকা থেকে আরও দুটি সরকারি গাছ কাটার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
ধারাবাহিক এমন ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বেলা ১১টার দিকে প্রভাব খাটিয়ে সৈয়দপুর গ্রামের সড়কের পাশের গাছটি কেটে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দার অভিযোগ, অভিযুক্ত ইউপি সদস্য দীর্ঘদিন ধরে এলাকায় মাটি কাটা, সরকারি জমি দখল ও সালিশ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও রয়েছে বলে দাবি করেন তারা। প্রভাবশালী হওয়ায় অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না বলেও জানান স্থানীয়রা।
সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মাননীয় হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা একটি দণ্ডনীয় অপরাধ। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এমন স্বেচ্ছাচারিতা মাঠ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত