মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০৮টি অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা।
আজ রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর বাজার থেকে ভাটিমভোগ বাজার পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী এস এম সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রিফাত হাসান এবং জৈনসার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
অভিযানে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় নদী ও জলাশয়ে অবৈধভাবে পেতে রাখা ১০৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ভবানীপুর বাজারসংলগ্ন একটি ফাঁকা স্থানে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মতামত