মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ১৪টি হাটবাজারের মধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি চারটি হাটবাজারে কোনো দরপত্র জমা না পড়ায় সেগুলোর জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার বাক্স খোলা হয়। পরে প্রতিটি বাজারের জন্য জমা পড়া দরপত্রের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করা হয় এবং তাদেরকেই ইজারা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য উপজেলার ১৪টি হাটবাজার ইজারার উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল। এর মধ্যে ১০টি হাটবাজারে দরপত্র জমা পড়ে।
যাচাই-বাছাই শেষে সর্বোচ্চ দরদাতাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, যেসব হাটবাজারে কোনো দরপত্র জমা পড়েনি, সেগুলোর জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সব হাটবাজারের ইজারা সম্পন্ন হওয়ার পর ইজারাদারদের নিয়ে সভা করা হবে। ওই সভায় হাট ও বাজার ব্যবস্থাপনা আইন–২০০৩ অনুযায়ী বাজার পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং সিরাজদীখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হাটবাজার ইজারা কার্যক্রম সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
মতামত