মুন্সীগঞ্জের সিরাজদীখানে তিনটি বেকারি ও একটি ফিলিং স্টেশনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (৬ মে) বিকেলে সিরাজদীখান বাজার ও উপজেলা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মো. শাহজাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, ওজন ও পরিমাপ মানদণ্ড লঙ্ঘনের দায়ে সিরাজদীখান বাজারের তিনটি বেকারিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি ধরা পড়ে। প্রতি ১০ লিটার ডিজেলে ১১০ মিলিলিটার তেল কম দেওয়ায় ওই ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি আরও জানান, ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত