গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও সংস্কার (কাবিটা-কাবিখা) কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার এলাকা ভিত্তিক দ্বিতীয় পর্যায়ে মোট ৩৯টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি হস্তান্তর করা হয়।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর সরকারি এমপি কোটার বরাদ্দ থেকে প্রকল্পগুলোর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
এতে কাবিটা কর্মসূচির আওতায় ৪২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১১টি প্রকল্প, কাবিখা কর্মসূচির আওতায় ৫৬ মেট্রিক টন চাল-গমের বিপরীতে ৮টি প্রকল্প এবং টিআর কর্মসূচির আওতায় ৪৫ লাখ টাকার ২০টি প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ৩৯টি প্রকল্পের মাধ্যমে উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গ্রামীণ অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।
প্রকল্প বাস্তবায়ন কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসিফ উল্লাহ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসা. মারুফা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রাজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাইদার আলীসহ অন্যান্য ব্যক্তিরা।
মতামত