মুন্সীগঞ্জের সিরাজদীখানে মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধনহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনহীন ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ জব্দ করা হয়।
গতকাল রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিবন্ধনহীন ওষুধ এবং বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসিকে জরিমানা করা হয়। এর মধ্যে বিক্রমপুর মেডিসিন কর্নারের মালিক মাহবুব আলমকে ২০ হাজার টাকা, হাসান মেডিসিন কর্নারের মালিক মো. হাসানকে ১৫ হাজার টাকা, অজয় মেডিসিন কর্নারের মালিক অজয় পালকে ১৫ হাজার টাকা, মোল্লা ফার্মেসির মালিক সোহরান উদ্দিনকে ১৫ হাজার টাকা এবং আনহা ফার্মেসির মালিক মো. সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী এসব অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং মানসম্মত ওষুধ নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত