সিরাজদীখানে ৯০টি কেন্দ্রে ৭'শ সিসি ক্যামেরা স্থাপন
অধিক ঝুঁকিপূর্ণ ৪০টি ও কম ঝুঁকিপূর্ণ ২৬টি কেন্দ্র চিহ্নিত
আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ২৬টি কম ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর ফলে উপজেলা প্রতিটি ভোটকেন্দ্রে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলার ৯০টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে ৭'শ সিসি ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্রের বুথ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্থাপিত মনিটরে পর্যবেক্ষণ করার সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজদীখান উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিরাজদীখান উপজেলার ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ২৬টি কেন্দ্র কম ঝুঁকিপূর্ণ এবং ২৪টি কেন্দ্রকে সাধারণ তালিকাভুক্ত করা হয়েছে।
এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যার দিক থেকে বালুচর ইউনিয়ন শীর্ষে রয়েছে। সেখানে ৮টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। লতব্দী ইউনিয়নে ৭টি, বাসাইল ইউনিয়নে ৫টি, চিত্রকোট, মধ্যপাড়া ও কেয়াইন ইউনিয়নে ৩টি কেন্দ্র এবং রাজানগর, মালখানগর ও কোলা ইউনিয়নে ১টি করে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।
বালুচর ইউনিয়নের ভোটার আলতাফ হোসেন বলেন, আগের নির্বাচনগুলোতে কিছুটা উত্তেজনা থাকলেও এবার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোয় আমরা আশ্বস্ত বোধ করছি। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে ভোট দিতে যেতে কোনো ভয় থাকবে না।
মধ্যপাড়া ইউনিয়নের নারী ভোটার রশিদা বেগম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা শুনে শঙ্কা ছিল। কিন্তু এখন শুনছি প্রতিটি বুথে ক্যামেরা থাকবে, সঙ্গে র্যাব ও বিজিবির টহল থাকবে। এতে আমরা নির্ভয়ে ভোট দিতে পারব।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব ও বিজিবির টহল দল সার্বক্ষণিক মাঠে থাকবে।
সিরাজদীখান উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে ডিজিটাল নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় সিরাজদীখানে ভোটাররা এখন নির্ভয়ে ভোটের দিনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান–শ্রীনগর) আসনের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ২৩ জন। এর মধ্যে সিরাজদীখান উপজেলায় ভোটার ২ লাখ ৭১ হাজার ৯৮৫ জন এবং শ্রীনগর উপজেলায় ২ লাখ ৭১ হাজার ৩৮ জন। দুই উপজেলা মিলিয়ে মোট ১৭০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মতামত