আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভোটের আমেজ এখন তুঙ্গে। শেষ মুহূর্তের প্রচার–প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মাঠপর্যায়ের হিসাব বলছে, সিরাজদীখানে এবারের নির্বাচন মূলত দ্বিমুখী বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে।
জানা গেছে, সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ–১ সংসদীয় আসন। এ আসনে সিরাজদীখান উপজেলায় রয়েছে ৯০টি এবং শ্রীনগর উপজেলায় ৮০টি ভোটকেন্দ্র। সিরাজদীখানে মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যে হলেও, শ্রীনগর উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ ও বিএনপির বিদ্রোহী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মমিন আলীর মধ্যে।
বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি। শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় দলীয় নেতাকর্মীদের আস্থা ধরে রেখেছেন বলে স্থানীয়রা মনে করছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী একে এম ফখরুদ্দিন রাজী দাঁড়িপাল্লাপ্রতীক নিয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন। কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা রাজীর পক্ষে একটি নীরব ভোটব্যাংক রয়েছে, যা নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন ভোটাররা।
নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মমিন আলী।
তিনি শ্রীনগর উপজেলার বাসিন্দা হলেও সিরাজদীখানের কিছু এলাকায় তার ব্যক্তিগত প্রভাব রয়েছে। এছাড়া ইনসাফ বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী রোকেয়া আক্তার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের বাসিন্দা।
অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আবদুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান খান। তারা প্রচারণা চালালেও মূল প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা পিছিয়ে আছেন বলে স্থানীয়দের ধারণা।
তালতলা বাজারের ব্যবসায়ী আবুল আহাদ বলেন, এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। আব্দুল্লাহ সাহেব স্থানীয় লোক হওয়ায় তার একটা শক্ত বলয় আছে। আবার ফখরুদ্দিন রাজীর সমর্থকরাও বেশ সংগঠিত। আমরা চাই, যিনি জিতবেন তিনি যেন এলাকার রাস্তাঘাট ও উন্নয়নের দিকে নজর দেন।
ইছাপুরা ইউনিয়নের তরুণ ভোটার সুমাইয়া আক্তার বলেন, এই প্রথম ভোট দেব। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। যিনি শিক্ষিত এবং তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবেন, তাকেই ভোট দেব।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিরাজদীখান উপজেলার ৯০টি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
উল্লেখ্য, সিরাজদীখান উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন এবং নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৩৪ জন। শ্রীনগর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ৩৮ জন; পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৬৩ জন এবং নারী ১ লাখ ৩১ হাজার ৯৭৫ জন।
সব মিলিয়ে মুন্সীগঞ্জ–১ আসনে মোট ভোটকেন্দ্র ১৭০টি। এখানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ২৩ জন; এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮১ হাজার ১৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৬২ হাজার ৯ জন।
মতামত