মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে উপজেলা ফিল্ড সুপারভাইজার মোসা. রেশমা খানমকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ফিল্ড সুপারভাইজার হিসেবে মো. ইস্রাফিল আহম্মেদকে পদায়ন করা হয়েছে।
গত ২০ জুলাই ইসলামিক ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে বদলিকৃত কর্মকর্তাদের ২৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।
মুন্সীগঞ্জের স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকায় প্রকল্পটির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রেশমা খানমকে সিরাজদীখান উপজেলা থেকে গজারিয়া উপজেলায় বদলি করে এবং তাঁর স্থলে মো. ইস্রাফিল আহম্মেদকে দায়িত্ব দেয়।
ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফিল্ড সুপারভাইজার ও কেয়ারটেকাররা শিক্ষক নিয়োগ, পুনর্বহাল, বই বিক্রি এবং যাকাতের নামে অর্থ আদায়ের মাধ্যমে নানা অনিয়ম চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, শিক্ষক যাচাই-বাছাইয়ের নামে শিক্ষকপ্রতি ৫ হাজার টাকা এবং অযোগ্য ঘোষিত শিক্ষকদের পুনর্বহালের জন্য ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হতো। নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ২০ থেকে ৩০ হাজার টাকা দাবি করা হতো। অর্থ না দিলে শিক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়ার ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া নতুন শিক্ষকদের বেতন প্রদানের সময় অতিরিক্ত অর্থ আদায়, বই বিক্রি ও যাকাতের নামে রসিদ ছাড়া টাকা সংগ্রহ এবং বিভিন্ন অজুহাতে শিক্ষকদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী শিক্ষক। তাঁদের অভিযোগ, বদলিকৃত ফিল্ড সুপারভাইজার মোসা. রেশমা খানম নিয়মিত অফিসও করতেন না।
সিরাজদীখান উপজেলার আলহেরা মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল বলেন, ইসলামিক ফাউন্ডেশনের এ প্রকল্পে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। শুধু বদলি নয়, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তাঁদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বদলিকৃত ফিল্ড সুপারভাইজার মোসা. রেশমা খানম বলেন, কী কারণে আমাকে সিরাজদীখান থেকে গজারিয়ায় পাঠানো হয়েছে, সেটি আমার কর্তৃপক্ষই জানে। আমি ইতোমধ্যে গজারিয়ায় যোগদান করেছি।
এ বিষয়ে জেলা ফিল্ড অফিসার মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।
মতামত