মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চারপাশে অপরিচ্ছন্ন পরিবেশ ও ঝোপঝাড়ে ভরে ওঠায় মশা, সাপ ও পোকা মাকড়ের উপদ্রব বাড়ছে বলে অভিযোগ উঠেছে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের স্টাফদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষে এবং স্টাফ কোয়ার্টারের আশপাশে ঘন ঝোপঝাড় গজিয়ে উঠেছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় এসব স্থান মশার বংশ বিস্তার, সাপ ও বিভিন্ন পোকা মাকড়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
অপরদিকে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্জ্য প্রক্রিয়াজাতের জন্য নির্মিত একটি পিট (প্ল্যান্ট) দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। এর পাশেই বড় একটি গর্তে বিপুল পরিমাণ চিকিৎসা বর্জ্য জমে থাকতে দেখা যায়। ওই গর্তে রক্ত ও পুঁজ মাখা গজ, রক্ত সঞ্চালনের ব্যাগ, সিরিঞ্জ, স্যালাইন সেট এবং বিভিন্ন ওষুধের মোড়ক পড়ে থাকতে দেখা গেছে। এসময় একাধিক কুকুর ও বিড়াল ওই বর্জ্যের মধ্যে ঘোরাফেরা করতে এবং কিছু বর্জ্য খেতে দেখা যায়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে স্থানীয়দের অভিযোগ।
জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের ১৩৩টি গ্রামের প্রায় পৌনে দুইলাখ মানুষের চিকিৎসা সেবার জন্য ৫০ শয্যা বিশিষ্ট গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ভবেরচর এলাকায় নির্মিত হয়। প্রতিদিন গজারিয়া ছাড়াও আশপাশের উপজেলা থেকে শত শত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়,
হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট। পাঁচটি পরিচ্ছন্নতা কর্মীর পদ বর্তমানে শূন্য। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সাতজন কর্মীর চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে এবং প্রায় এক বছর ধরে তারা বেতন পাচ্ছেন না। নতুন করে নিয়োগের সম্ভাবনাও অনিশ্চিত। পর্যাপ্ত কর্মী না থাকায় বাইরে একজন মালি দিয়ে সীমিত ভাবে কাজ চালানো হচ্ছে।
এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েক জন রোগী ও তাদের স্বজনরা জানান, এমন পরিবেশে চিকিৎসা নিতে এসে উল্টো নতুন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। দ্রুত ঝোপঝাড় পরিষ্কার করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।
এ বিষয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ (তিথী) বলেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকটের কারণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের পাঁচটি পরিচ্ছন্নতা কর্মীর পদ বর্তমানে শূন্য। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সাতজন কর্মীর চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে এবং প্রায় এক বছর ধরে তারা বেতন পাচ্ছেন না। নতুন করে নিয়োগের সম্ভাবনাও অনিশ্চিত।হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সাংবাদিকের প্রশ্নে তিনি স্বীকার করে বলেন বর্তমানে বর্জ্য গর্তে ফেলে পরে আগুন দিয়ে পোড়ানো হয়। যদিও বর্জ্য প্রক্রিয়াজাতকরণের জন্য একটি পিট (প্ল্যান্ট) নির্মাণ করা হয়েছে, তবে সেটি শুরু থেকেই অচল অবস্থায় রয়েছে
মতামত