মুন্সীগঞ্জের উত্তর ইসলামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর ভরাটের অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে তা অস্বীকার করেছেন মো. নাফিজ প্রধান। তার দাবি, যে জায়গায় ভরাট করা হয়েছে, সেটি তার ও তার পরিবারের বৈধ মালিকানাধীন সম্পত্তি। সরকারি খাস জমি দখল বা পুকুর ভরাটের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

বুধবার দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন নাফিজ প্রধানের বাড়িতে সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন। এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নাফিজ প্রধান বলেন, এই পুকুরের মূল মালিকানা বিল্লাল মাদবরের নামে সিএস রেকর্ডে ছিল। পরবর্তীতে তার ছেলেরা এবং আরও কয়েকজনের কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে। আমার বাবা ১৯৯৫ সালে এ সম্পত্তি ক্রয় করেন এবং তখন থেকেই নিয়মিত সরকারের খাজনা পরিশোধ করে আসছেন।
তিনি আরও বলেন, আমিও নিজে এখানে বাবার ক্রয়কৃত ছাড়াও ৫ শতাংশ জমি ক্রয় করেছি। প্রতিবছর নিয়মিত সরকারকে খাজনা দিয়ে আসছি। অথচ এখন বলা হচ্ছে আমি নাকি পুকুর ভরাট করছি। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
নিজের মাত্র ২ শতাংশ জায়গা ভরাট করার কথা স্বীকার করে নাফিজ প্রধান বলেন, আমি আমার প্রয়োজনের জন্য আমার মালিকানাধীন জায়গার সামান্য অংশ ভরাট করেছি। পুরো পুকুর ভরাট করিনি। এই পুকুরে আরও পাঁচ-ছয়জন মালিক রয়েছেন। তাই পুরো পুকুর ভরাট করার অভিযোগও সঠিক নয়।
মানববন্ধনে তাঁকে ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নাফিজ প্রধান বলেন, আমাকে যদি ভূমিদস্যু বলা হয়, তাহলে এর প্রমাণ দিতে হবে। প্রমাণ ছাড়া এ ধরনের মানহানিকর বক্তব্য দেওয়া হলে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানহানির মামলা করার বিষয়েও পদক্ষেপ নেব।
নাফিজ প্রধানের অভিযোগ, পূর্বশত্রুতার জের এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই তার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। তিনি বলেন, তারা নিজেদের স্বার্থে এবং আমার সঙ্গে পূর্বশত্রুতার কারণে মিথ্যা অভিযোগ তুলে মানববন্ধন করেছে।
এদিকে, এরআগে গত সোমবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ‘অবৈধভাবে পুকুর ভরাটের প্রতিবাদে’ মানববন্ধন করেন উত্তর ইসলামপুর এলাকার প্রায় পঞ্চাশজন নারী-পুরুষ। মানববন্ধনে মো. নাফিজ প্রধানের বিরুদ্ধে পুকুর ভরাট ও সরকারি জমি দখলের অভিযোগ তুলে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
তবে নাফিজ প্রধানের বক্তব্য অনুযায়ী, তাঁর মালিকানাধীন জমির বৈধ কাগজপত্র ও খাজনা পরিশোধের রেকর্ড রয়েছে। ফলে বিষয়টি নিয়ে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষ নথিপত্র পর্যালোচনা ও সরেজমিন তদন্ত প্রয়োজন বলে মনে করছেন তিনি।
মতামত