মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয় ভেঙে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে কামাল বেপারী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বিএনপির বহিষ্কৃত নেতা বলে জানা গেছে। তবে জমিটি নিজের রেকর্ডীয় সম্পত্তি দাবি করে সেখানে মার্কেট নির্মাণের কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে কামারখাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান কার্যালয় হিসেবে পরিচিত একটি স্থাপনা ভেঙে সেখানে মার্কেট নির্মাণের কাজ চলছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার হোয়াটসঅ্যাপে মুঠোফোনে বলেন, ‘এটি আমাদের অনেক পুরোনো কার্যালয়। সেটি ভেঙে কামাল বেপারী নামে এক ব্যক্তি মার্কেট নির্মাণ করছেন।’
তবে কামাল বেপারী দাবি করেন, জমিটি তাঁর রেকর্ডীয় সম্পত্তি। তাঁর ভাষ্য, ‘আগের সময়ে তাঁরা আমাদের জমি দখল করে ক্লাব নির্মাণ করেছিলেন। এখন আমি আমার জায়গায় মার্কেট নির্মাণের কাজ করছি।’
এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া বলেন, ‘কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।