বিনয় কুমার সরকার ( ২৬ ডিসেম্বর,১৮৮৭ – ২৪ নভেম্বর, ১৯৪৯) ছিলেন একজন ভারতীয় সমাজ বিজ্ঞানী, অর্থনীতির অধ্যাপক এবং জাতীয়তাবাদী ব্যক্তিত্ব। কলকাতায় বেঙ্গলী ইনস্টিটিউট অফ সোসিওলজী, বেঙ্গলী এশিয়া অ্যাকাডেমি, বেঙ্গলী দান্তে সোসাইটি, বেঙ্গলী ইনস্টিটিউট অফ আমেরিকান কালচার সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
প্রাথমিক জীবন এবং শিক্ষা
বিনয় কুমার সরকারের জন্ম ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের মালদহে। তবে তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের সেনাপতিতে। ১৯০১ খ্রিস্টাব্দে মালদহ জেলা স্কুল থেকে তের বৎসর বয়সে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এন্ট্রান্স পাশ করেন। ১৯০৫ খ্রিস্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে আঠারো বৎসর বয়সে ঈশান স্কলারশিপ সহ ইংরাজী ও ইতিহাস দুটি বিষয়ে স্নাতক হন। ১৯০৬ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে এম.এ পাশ করেন। বিনয় সরকার ইংরাজী ও বাংলা ছাড়া আরো ছয়টি ভাষা জানতেন। ১৯০২ খ্রিস্টাব্দে ছাত্রাবস্থায় তিনি 'ডন সোসাইটি' তে যোগদান করেন। বিদেশে শিক্ষার জন্য সরকারি বৃত্তি ও ডেপুটির চাকরি পেয়েও তা প্রত্যাখ্যান করে স্বদেশী আন্দোলনে যোগদান করেন।
কর্মজীবন
১৯০৭ - ১১ খ্রিস্টাব্দে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদে অধ্যাপনাকালে মালদহে অনেকগুলি বিদ্যালয় স্থাপন করেন এবং জাতীয় শিক্ষা বিষয়ক বহু গ্রন্থ রচনা করেন। ইউরোপীয় প্রখ্যাত লেখকদের কয়েকটি গ্রন্থে র অনুবাদও করেছেন। ১৯০৯ খ্রিস্টাব্দে এলাহাবাদ পাণিনি কার্যালয়ের গবেষক ছিলেন। ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে ১৯২৫ খ্রিস্টাব্দে তিনি বিশ্ব-পর্যটন করেন এবং বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯২৬ খ্রিস্টাব্দ হতে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি জাতীয় সমাজতন্ত্র তথা নাৎসিবাদের সমর্থক ছিলেন। তার দৃষ্টিতে এটি হল জনহিতৈষী একনায়কতন্ত্র এবং ভারতের জন্য উপযুক্ত। ১৯৪৭ খ্রিস্টাব্দে তিনি বিভাগীয় প্রধান হন। তিনি ধনবিজ্ঞান পরিষদের প্রতিষ্ঠাতা ও 'আর্থিক উন্নতি' মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন। বিদেশে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের নানাভাবে সাহায্য করতেন। তার অনুজ ধীরেন সরকার প্রবাসী বিপ্লবীদের অন্যতম ছিলেন। তা ছাড়া তার উদ্যোগে বহু ছাত্র বিদেশে উচ্চশিক্ষা লাভের অনেক সুযোগ পেয়েছে।
জীবনাবসান
স্বাধীন ভারতের বাণী প্রচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে তিনি ওয়াশিংটন ডি.সি.'তে ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৪ শে নভেম্বর প্রয়াত হন। সূত্র- উইকিপিডিয়া
মতামত