মুন্সীগঞ্জের গজারিয়ায় টান বলাকী বাজারে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল আটটায় টান বলাকী বাজারে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যবসায়ীর নাম মো. মুসা (৬৮)। তিনি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বলে জানা গেছে।
হামলায় আহত ব্যবসায়ী মুসা বলেন, "বিভিন্ন বিষয় নিয়ে টান বলাকী গ্রামের হান্নান মিয়ার ছেলে ডালিমের সাথে আমার বিরোধ ছিল। বিভিন্ন সময় সে আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিত। সম্প্রতি একটি সালিশ বৈঠকে তার সাথে আমার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টান বলাকী বাজারে ডালিম, হালিম ও দ্বীন ইসলামসহ আরও কয়েকজন আমার ওপর হামলা চালায়। এ সময় তারা আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং আমার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আমি স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।"
এ বিষয়ে প্রতিপক্ষ ডালিমের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, "এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"#
মতামত