মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আবিরপাড়া গ্রামের আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার কেয়াইন ইউনিয়নের শিকারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. সুমন (২৬) এবং গাইবান্ধা সদর থানার কামারখালী গ্রামের রশিদুলের ছেলে আশিক (২০)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন জানান, আবিরপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে ইয়াবা সেবনরত অবস্থায় ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত