মুন্সীগঞ্জের গজারিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান।
উদ্বোধনী খেলায় গুয়াগাছিয়া রাইজিং স্পোর্টিং ক্লাব ও চরচাষী সুপার একাদশ পরস্পরের মুখোমুখি হয়।
গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক, গজারিয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মুন্সী, গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মহাসচিব মুক্তার হোসেন ভূইয়া ও সৌহার্দ্য বাংলাদেশের প্রতিষ্ঠাতা জুবায়েদুর রহমান
প্রমুখ।
এ সময় ফাউন্ডেশনের সদস্য, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আতাউর রহমান বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে খেলাধুলার চর্চা বাড়িয়ে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
মতামত