মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদের মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে অংশ নেয় ফ্রান্স তেঁতুলতলা ও মনসুর একাডেমি যাত্রাবাড়ী। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স তেঁতুলতলা দল।
ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
কুসুমপুর জাগরণী সংসদের সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম নাফিস, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হোসেন, স্পেনপ্রবাসী মো. শাহ আলম শেখ, তন্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলী আনসার মোল্লা, ব্যবসায়ী মো. নূরনবী মোল্লা এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ভূইয়া পাপুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে প্রধান অতিথি শেখ মো. আব্দুল্লাহ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন ফ্রান্স তেঁতুলতলা দল পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানার্সআপ মনসুর একাডেমি যাত্রাবাড়ী দল একটি ফ্রিজ লাভ করে।
মতামত