জুয়েল দেওয়ান, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আমন ধান গোলায় তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক-কিষাণীরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাম্পার ফলন ও ভালো বাজারদর পাওয়ায় কৃষকদের মুখে চওড়া হাসি ফুটেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার টেংগারচর ও ভবেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষাণ-কিষাণীরা কেউ উঠানে ধান শুকাচ্ছেন, কেউ ধান মাড়াই করছেন, আবার কেউ ব্যস্ত রয়েছেন ধান সিদ্ধ করার কাজে। দম ফেলারও ফুরসত নেই তাদের। সুবিধামতো জায়গা কিংবা খেতের মধ্যে টং বানিয়ে চলছে ধান মাড়াইয়ের কাজ।
উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর সড়কের পাশের মাঠে কথা হয় কৃষক আমান মিয়ার সঙ্গে। তিনি জানান, এবার দেড় কানি জমিতে আমন ধান আবাদ করেছেন। প্রতি কানিতে ৫ হাজার টাকা খরচ হয়েছে এবং কানিপ্রতি প্রায় ১৬ মণ করে ধান পেয়েছেন।
আরেক কৃষক সাফায়েত উল্লাহ জানান, তিনি দুই কানি জমিতে আমন ধান আবাদ করে প্রায় ৪০ মণ ধান পেয়েছেন। বর্তমানে বাজারে প্রতি মণ ধান ১ হাজার থেকে ১ হাজার ২শ টাকায় বিক্রি হচ্ছে।
ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের কৃষক মোতালেব দেওয়ান জানান, দুই কানি জমিতে চাষ করে তিনি ৩৫ মণ ধান পেয়েছেন। ভালো ফলন ও দাম পাওয়ায় বেশ সন্তুষ্ট তিনি।
গজারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এই উপজেলায় ১২০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং সময়মতো পরিচর্যা করায় ধানের ফলন ভালো হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক জানান, অনুকূল আবহাওয়া ও কৃষকদের সঠিক পরিচর্যার কারণে এবার আমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষকেরা যাতে সহজে ধান কাটা ও সংরক্ষণ করতে পারেন, সেজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।