নিজস্ব প্রতিবেদক, গজারিয়া.
মুন্সীগঞ্জের গজারিয়ায় মুঠোফোনে খবর পেয়ে নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এ সময় মেয়ের মামার কাছ থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকারনামা নেওয়া হয়।
গত রোববার দুপুরে উপজেলার টেংগারচর ইউনিয়নের মীরপুর গ্রামে আবুল কালামের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী মুঠোফোনে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ালের নির্দেশে তাঁর কার্যালয়ের একজন প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধের উদ্যোগ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মকর্তার প্রতিনিধি ওই বাড়িতে পৌঁছানোর বিষয়টি টের পেয়ে পরিবারের পুরুষ সদস্যরা সরে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে গিয়ে পরিবারের কোনো পুরুষ সদস্য কিংবা পাত্রপক্ষের কাউকে পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, পাত্র বিদেশে রয়েছেন। আপাতত পাত্রের বাড়ির লোকজন এসে শুধু আংটি পরিয়ে রাখবেন। পাত্র দেশে ফিরলে বিয়ে অনুষ্ঠিত হবে।
এদিকে, বিয়ের আয়োজন ঘিরে কনেপক্ষের বাড়িতে প্রায় দেড় শতাধিক মানুষের সমাগমের প্রস্তুতি ছিল। পরে মেয়ের মামার কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেওয়া হয়। এতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না বলে অঙ্গীকার করা হয়।