মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃতি সন্তান এবং গায়ক ও সুরকার রাফসান হাসান এনআরবি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
সম্প্রতি নিউইয়র্কের কুইন্স প্যালেস ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে পুরস্কারটি তার হাতে তুলে দেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন ও শোটাইম মিউজিক-এর প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন। দ্বিতীয়বারের মতো এনআরবি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় নিজের ক্যারিয়ারের আরেকটি অধ্যায় স্বর্ণাক্ষরে যুক্ত করলেন গায়ক ও সুরকার রাফসান হাসান।
অন্য দিকে এনআরবি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানকে ঘিরে সংগীত, সংস্কৃতি ও প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশি-বিদেশি শিল্পীদের সংগীত পরিবেশনা, সংস্কৃতিকর্মীদের উপস্থিতি এবং গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানকে করে তোলে অনন্য। আর রাফসান হাসানের পুরস্কারপ্রাপ্তি ছিল দর্শকদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।
রাফসানের সংগীতজীবনের আলোচ্য মুহূর্ত আসে যখন তিনি আরটিভি ইয়াংস্টার ইউএসএ ২০২৩-এ ফাইনালিস্ট নির্বাচিত হন। প্রতিযোগিতার মঞ্চে তার বহুমাত্রিক গায়কী, আবেগময় পরিবেশনা এবং আধুনিক ও প্রথাগত গানের মিশ্রণ তাকে করে তোলে অন্যতম আলোচিত প্রতিযোগী।
আর এবার এনআরবি অ্যাওয়ার্ডে তাকে স্বীকৃতি দেওয়া হয় একজন সঙ্গীতশিল্পী ও সুরকার হিসেবে।
আজ তিনি শুধু একজন শিল্পী নন-বরং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার এক আলোকবর্তিকা। তার যাত্রা নিঃসন্দেহে নতুন প্রজন্মের তরুণ শিল্পীদের জন্য এক অসাধারণ অনুপ্রেরণা।
পুরস্কার গ্রহণের পর রাফসান বলেন, “প্রতিটি পুরস্কার কেবল আমার নয়, বরং আমার শ্রোতা, আমার কমিউনিটি এবং সকল শুভাকাঙ্ক্ষীদের। আরটিভি ইয়াংস্টারের মঞ্চ থেকে শুরু করে এনআরবি অ্যাওয়ার্ড—আমার যাত্রা প্রমাণ করে, নিষ্ঠা থাকলে স্বপ্ন পূরণ সম্ভব।”
মতামত