জাতীয় চ্যাম্পিয়নশিপ উদ্ধোধনীতে বিজয়ী মুন্সীগঞ্জ
আরাফাত রায়হান সাকিব:
জাতীয় চ্যাম্পিয়নশিপ-২৫ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী খেলায় প্রতিপক্ষ মাদারীপুরকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে মুন্সীগঞ্জ ফুটবল দল। শনিবার বিকালে তারুন্যের উৎসব ব্যানারে বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্ধোধনী খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্ধোধক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুবুল আলম, পুলিশ সুপার মোঃ শামসুল আলম সরকার, জেলা পরিষদের নির্বাহী অফিসার নাজমা নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম প্রমুখ।
এদিকে, ৯০মিনিটের খেলায় প্রথমার্ধে দুই দলই গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে প্রথমে মুন্সীগঞ্জ ১গোলে এগিয়ে যায়। পরে পাল্টা ১গোল করলে সমতায় ফিরে মাদারীপুর। ৯০মিনিটের নির্ধারিত সময় সমতায় শেষ হলেও অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল পায় মুন্সীগঞ্জ। এতে ২-১গোলে বিজয়ী হয় স্বাগতিকরা। এসময় মুন্সীগঞ্জ-মুন্সীগঞ্জ ধ্বনিতে উচ্ছাস আনন্দে মেতে উঠে মাঠ ভর্তি দর্শক।
খেলা উপভোগের পাশাপাশি, ক্রীড়া চর্চাকে বেগবান করতে এমন উদ্যোগ বেশি বেশি আয়োজনের দাবি জানান দর্শকরা।
আয়োজক সূত্রে জানাগেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযেগিতাটি। ১৮ কোটি টাকা খসড়া বাজেট ধরা হয়েছে টুর্নামেন্টটির। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। বাজেটের বাকি ৮ কোটি টাকাও সংগ্রহ করবে বাফুফে ।
জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নেবে ৬৪ জেলা দল। আটটি পটে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে এবং প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নাম অনুসারে।
৬৪ জেলার মধ্যে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে। সেখানে জয়ী ৩২ টি দল জায়গা পাবে দ্বিতীয় পর্বে। এরপর তৃতীয় পর্বে নির্বাচিত হবে ১৬টি দল। এই ১৬ দল নিয়ে শুরু হবে নকআউট পর্ব। এরপর কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং ফাইনাল। ফাইনাল হবে জাতীয় স্টেডিয়ামে। ২৪ অথবা ২৫ নভেম্বর ঢাকায় ফাইনাল আয়োজন করতে চায় বফুফে।
মতামত