মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় বাজারসংলগ্ন নদীর ওপারে চরাঞ্চলের কান্দারবাড়ী এলাকায় ট্রলার, বালুবাহী গেটবোট ও নৌকার মাঝিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, নদীর পাড়ে নৌযান রাখলেই স্থানীয় এক ব্যক্তি ও তার সহযোগীরা জোরপূর্বক অর্থ আদায় করছেন।
মাঝিদের অভিযোগ, আব্দুল মান্নান খানের ছেলে রিয়াদ খান নদীর পাড়ে বালগেট, মাঝারি ট্রলার কিংবা নৌকা রাখার জন্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, তিনি ৪ থেকে ৫ জন নেশাগ্রস্ত কিশোরকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করেন এবং মাঝিদের কাছ থেকে অর্থ আদায় করেন।
একাধিক ভুক্তভোগী জানান, টাকা আদায়ের সময় রিয়াদ খান দাবি করেন যে, তিনি চরের সরকারি ডাক (ইজারা) নিয়েছেন। তবে মাঝিদের দাবি, ওই চরে সরকারি কোনো ডাক বা ইজারা নেই। এছাড়া অতীতে নদীর পাড়ে ট্রলার বা নৌকা রাখার জন্য কখনো কোনো অর্থ দিতে হয়নি।
মাঝিদের ভাষ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এভাবে অর্থ দাবি করা হচ্ছে। একবার টাকা দেওয়ার পরও ট্রলার নদীর পাড়ে অবস্থান করলে পরদিন আবার এসে নতুন করে অর্থ দাবি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রলার-মাঝি বলেন, “আমরা তার ভয়ে থাকি। টাকা না দিলে ট্রলার থেকে ব্যাটারি কিংবা অন্য জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার আতঙ্কে থাকি। তাই বাধ্য হয়ে টাকা দিয়ে থাকি।”
আরও কয়েকজন ভুক্তভোগী জানান, দীর্ঘদিন ধরে তারা আতঙ্কের মধ্যে কাজ করছেন। বিষয়টি প্রকাশ্যে তুলে ধরলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তারা দাবি করেন। তারা প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ খানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমার বাবা দিঘিরপাড় ঘাটসহ আশপাশের এলাকার ইজারা নিয়েছেন। তাই সেখান থেকে রাজস্ব আদায় করছি। তবে থেমে থাকা বা নোঙর করা নৌযান থেকে আমরা টাকা তুলি না। ঘাটে ভিড়লে টাকা নিই। একবার টাকা দিলে তারা ২-৩ দিন নৌযান রাখতে পারে।”
মতামত