মুন্সীগঞ্জের সিরাজদীখানের ধলেশ্বরীর তীরে ৫০টি ইটভাটায় কাজ করতে শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অল্প মজুরীতে শিশু শ্রমিকদের গত ৪ থেকে ৫ বছর ধরেই ইটভাটায় কাজ করানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া
গেছে। ২০০৬ সালের প্রনয়ন করা ৪২ নম্বর ধারার ১ (৪) ধারার আইনে শিশু শ্রমকে নিষিদ্ধ করা হলেও সিরাজদীখান উপজেলার ইটভাটা গুলো সেই আইন অমান্য করা হচ্ছে। অভিযোগে জানা গেছে, সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী নদীর তীরে স্থাপিত পপুলার ব্রিক ফিল্ড, মোল্লা ব্রিকর্স, হোসেন ব্রিকর্স, নুরে মদিনাসহ অর্ধশতাধিক ইটভাটায় বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকদের পারিশ্রমিক কম দিয়ে কাজ করানো হচ্ছে। ফলে প্রতিনিয়ত শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিন ইটভাটায় গিয়ে দেখা যায়, ইট বানানো থেকে পোড়ানোর কাজ করছে শিশুরা। অনেকে ইট শুকানো ও ঠেলাগাড়িতে করে তা আনা-নেয়ার কাজ করছে। দেশের শিশুশ্রম আইন অনুযায়ী ঝুঁকিপূর্ণ কোনো কাজে শ্রমিক হিসেবে ব্যবহার করা যাবে না শিশুদের। তবে মুন্সীগঞ্জের ইটভাটাগুলোয় সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে
চলছে শিশুশ্রম। পরিবারের আর্থিক সংকটের সুযোগ কাজে লাগিয়ে শিশুদের দিয়ে ইট বানানো থেকে শুরু করে পোড়ানোর মতো ঝুঁকিপূর্ণ নানা কাজ করাচ্ছেন ইটভাটার মালিকরা। প্রশাসন দায়সারাভাবে বলছে, শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে আদৌ কোন ব্যবস্থা নেওয়ার খবর পাইয়া পাওয়া যায়নি।
সরেজমিন দেখা গেছে, প্রতিটি ইটভাটায় ৩০ থেকে ৪০ জন শিশু কাজ করছে। কোন কোন ইটভাটায় অর্ধশতাধিক শিশু রয়েছে কর্মব্যস্ততায়। মা-বাবার পাশাপাশি কোমলমতি শিশুরাও টানছে ইটের বোঝা, কখন ঠেলছে ঠেলা আবার কখনো উল্টে দিচ্ছে রোদে শুকাতে দেয়া কাচা ইট। এছাড়াও করতে হচ্ছে কয়লা গুড়ো করার কাজ ও চুল্লীতে ইট পোড়ানোর আয়োজন সারিবদ্ধ ভাবে চুল্লীতে সাজাতে হয় একের পর এক কাচা ইট। পরে কয়লা পুড়িয়ে কাচা ইটগুলো লালচে হলেই আবার চুল্লীতে থেকে বের করে বাজার যাত করার কাজেও ব্যস্ত এসব শিশুরা। এতে করে শ্বাসকষ্ট, চর্মরোগ সহবিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা ঝুঁকিতে পড়েছে তাদের ভবিষ্যৎ। এ ছাড়া ভাটায় মা-বাবার সঙ্গে আসা শিশুরা খেলাধুলা করছে ময়লা-আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশে।
সুনামগঞ্জ জেলার শিম্পুরহাটি গ্রামের সিদ্দিক মিয়ার ১৪ বছরের ছেলে সন্তান শিশু শ্রমিক ফাহিম জানান, সারাদিন ইটভাটায় কাজ করার পর দিন শেষে তাকে পারিশ্রমিক দেওয়া হয় ২০০ টাকা। একই এলাকার আছমত আলীর ছেলে সবজল (১২) ইটভাটায় কাজ করছে। সে জানিয়েছে, গত তিন বছর ধরে ইট উঠানো নামানোর কাজ করছে সে। ১০ বছরের শিশু শ্রমিক সেলিনা আক্তার, ১৫ বছরের শিশু সৈকত, ১৪ বছরের আহাম্মদ, ১৬ বছরের খায়রুন নাহার, ১২ বছর বয়সী ইয়ার হোসেনও একই ইটভাটায় শিশু শ্রমিক হয়ে কাজ করছে।
পপুলার ব্রিক ফিল্ডে কর্মরত শ্রমিক কাজল মিয়ার শিশু ছেলে ফরহাদ (১৩) জানায়, ইটভাটায় রোদে শুকাতে দেওয়া ইট উল্টে দেওয়ার কাজ করে । এই কাজে প্রতিদিন ২-৩শ টাকা পায় । বাবা-মা পড়ালেখার খরচ চালাতে পারে
না। তাই বাধ্য হয়ে তাদের সঙ্গে কাজে আসছে। কাজ না করলে খামু কি এমন আক্ষেপ করে একই ইটভাটায় কর্মরত খোরশেদ মিয়ার ১১ বছরের শিশু পুত্র ইমন সহ একাধিক শিশু জানায়, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে ইটভাটায়। এখানে কখনো ইট বহনকৃত ঠেলা ঠেলতে হয় আবার কখনো রোদে শুকাতে দেয়া
ইট উলটপালট করে দেয়া ছাড়াও ইট পোড়ানোর কয়লার জোগান দিতে হয়। এসব কাজ করে যা টাকা পায় তা দিয়ে বাবা-মার সাথে ভালো মন্দ খাবারের খেতে পারে সে।
শিশুশ্রমের বিষয়টি স্বীকার করে হোসেন ব্রিক ফিল্ডের মালিক হোসেন ভান্ডারি জানান, শিশুদের কাজ করতে না করলেও তাদের পরিবারের লোকজন তা মানতে চায় না। ফলে শিশুরাও ইটভাটায় কাজ করে যাচ্ছে। শিশুশ্রমের সাথে জড়িত পপুলার ব্রিক ফিল্ডের ম্যানেজার মো: শাহীন
জানান, ইটের ভাটার যারা কাজ করতে আসে তারা পুরো পরিবার নিয়ে চলে আসে। এতে করে শিশুরাও কাজে লেগে যায় আমরা কাজে নিতে না চাইলেও জোরাজুরি করে শিশুদের কাজে নিতে বাদ্ধ করে তাদের মা-বাবা ।
ইটভাটায় শিশুশ্রম বন্ধের দাবী জানিয়ে জেলা বিএমএর সভাপতি মো: আখতার হোসেন বাপ্পী বলেন, শিশুদের ভবিষৎ কোন ভাবেই ঝুকিতে ফেলা যাবেনা। কারন স্বাস্থ্য ঝুকিপূর্ণ ইট ভাটায় কাজ করলে বা এর আশে পাশে থাকলেও ইটভাটার কালো ধেঁায়ায় হাঁপানি, নিউমোনিয়া, অ্যালার্জি, ব্রঙ্কাইটিস, ক্যানসারসহ নানা রোগ হতে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে , ফলে এসব রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বৃদ্ধরা।
শিশুশ্রমের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথা জানিয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, শিশুশ্রমের বিষয়টি নিয়ে মাসিক সভায় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন ইটভাটা শিশুশ্রমের বিষয়টির সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ইটভাটার মালিকের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত